রংপুর : রংপুর নগরীর রামপুরা এলাকায় এক যুবকের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরা এলাকার গাইবান্ধাপাড়া থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা এনামুল হক পিচ্ছু নামে ওই যুবককে অপহরণ করে একটি চাতালে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে।
গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এনামুল রামপুরা এলাকার আব্দুল হালিমের ছেলে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি আহতের পরিবার।