সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষক, পিয়ন ও পরীক্ষার্থীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকায় তাদের আটক করে পুলিশ।
কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির জানান, পরীক্ষা চলাকালীন ১ ঘণ্টা ১৫ মিনিট সময়ে দুটি পরীক্ষাকক্ষে স্কুলের অফিস সহায়ক জহিরুল ও দীপ্তি রানী নকলের একটি কাগজ পরিক্ষার্থী সফিকুল ইসলামকে দেন। এ সময় অন্যান্য পরিক্ষার্থীরা চেঁচামেচি করলে দ্রুত হলরুমে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্কুল কর্তৃপক্ষ। এ সময় ১৩০ নং পরীক্ষাকক্ষে দায়িত্বরত সদরের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নকল ছিঁড়ে ফেলে দেন।
তিনি আরও জানান, ২০৭ কক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল কেন্দ্র পরির্দশক হিসেবে দায়িত্ব থেকেও ব্যবস্থা নেননি। এমন অভিযোগের ভিত্তিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল ও ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরীক্ষার্থী সফিকুলকে আটক করা হয়। তবে স্কুলের আয়া দীপ্তি রানী পলাতক রয়েছেন।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মী নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে দুই কক্ষে নকল সরবাহের বিষয়ে থানায় ৭ জনের নামে মামলা করা হয়েছে বলে জানান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান।
তিনি বলেন, মামলার ৭ জন আসামির মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।