সিসি নিউজ ।। প্রায় ৯৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু দেবতার মূর্তি উদ্ধার করেছে ৫৬ বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন। গত ২৮ অক্টোবর শুক্রবার রাত নয়টার দিকে ব্যাটালিয়নের কর্ম এলাকা পঞ্চগড় জেলার টোকাপাড়া নালাগঞ্জ সীমান্ত থেকে ওই কষ্টি পাথর উদ্ধার হয়।
শনিবার বিকালে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৫ দশমিক ৮ কেজির মূর্তিটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, গ্রস্থ ২০ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশে ২ ইঞ্চি, মাঝের অংশে ৬ ইঞ্চি ও নিচের অংশে ৫ দশমিক ৬ ইঞ্চি। যার বাজার মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
২৮ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবি টোকাপাড়া বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
এসময় সীমান্ত পিলার ৭৪৭/১-এস হতে আনুমানিক ৫০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নালাগঞ্জ নামক স্থানে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম ওই বিজ্ঞপ্তির কথা নিশ্চিত করে বলেন,‘ উদ্ধারকৃত বিষ্ণু মুর্তিটি পঞ্চগড় থেকে নীলফামারী এনে পরীক্ষা-নিরীক্ষা শেষে কষ্টি পাথরের মুর্তি নিশ্চত হই আমরা। ওই মুর্তির বতর্মান বাজার মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা।