পার্বতীপুরে সরকারি কর্মকর্তাদের মুঠোফোন ক্লোন; প্রার্থীদের নির্বাচিত করাতে টাকা দাবি

সিসি নিউজ।। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত দুইদিন ধরে পৌর নির্বাচনের বিভিন্ন এলাকার প্রার্থীদের ফোন করে এই অর্থ দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ওসি আবুল হাসনাত খান।

পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু জানান, তিনি ওসির ক্লোন করা মুঠোফোন নম্বর থেকে ফোন পেয়েছিলেন। ওই নম্বর থেকে ভোটে জেতানোর কথা বলে তাঁর কাছে বিকাশের মাধ্যমে ৫০ হাজার চাওয়া হয়। তবে তিনি টাকা না দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। একই প্রলোভন দিয়ে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রাজা ও শরিফুল ইসলামকে ফোন করে প্রতারক চক্রটি।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে কিছু প্রতারকচক্র তাঁর ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে গত দু’দিন থেকে কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এমন ঘটনা কয়েকজন প্রার্থী থানায় এসে জানালে বিষয়টি জানা যায়। এ ব্যাপারে প্রার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পার্বতীপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বুধবার থানায় একটি সাধারণ (জিডি) করেছেন । জিডি নং ১৫৮০। এছাড়া বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

উল্লেখ্য যে, বুধবার (২ নভেম্বর) দীর্ঘ ১২ বছর পর দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


Posted

in

by