সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির উপজেলা ও পৌর কমিটি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢেলাপীর মোড়ে গিয়ে শেষ হয়। এতে আমীরসহ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও অন্য সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবী করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মজলিসের সুরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি গাওহার আলী, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন আমীর মাজহারুল ইসলাম প্রমুখ।
উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, কর্তৃত্ববাদী স্বৈরাচারী অবৈধ সরকারের পতন অবশ্যম্ভাবী। তাই সরকার আতংকিত হয়ে মরণ কামড় দিতে চাচ্ছে। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার করে আন্দোলন ঠেকানো যাবে না। সহজ বিদায় চাইলে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করে সকল রাজবন্দীর মুক্তি দেয়ার দাবী জানান তিনি।