সিসি নিউজ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বাইসাইকেল যাত্রা শুরু করেছেন জেলার যুবক সুজাউদ্দৌলা সুজন (৩২)। বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের জিরো পয়েন্ট চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভ চত্বর থেকে ওই যাত্রা শুরু করেন তিনি। ৫৬০ কিলোমিটার পথ অতিক্রম করে সেখানে পৌঁছে আগামী ১৭ মার্চ শ্রদ্ধা নিবেদন করবেন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে। এজন্য প্রতিদিন পাঁচ ঘন্টা বাইসাইকেল চালিয়ে ৭৫ কিলোমিটার করে পথ অতিক্রমের পরিকল্পনা গ্রহন করেছেন তিনি।
জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি সরমজানী গ্রামের আব্দুল ওয়াদুদ রঞ্জুর ছেলে সুজন পেশায় ওষুধ ব্যবসায়ী। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে। পাশপাশি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
বাইসাইকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রার বিষয়ে সুজাউদ্দৌলা সুজন বলেন, ’আওয়ামী লীগ পরিবারে আমার জন্ম। বাবা, দাদার কাছে বঙ্গবন্ধুর কৃতিময় জীবনের অনেক গল্প শুনেছি। সে থেকে জীবিত বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য না হলেও তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সাধ জাগে আমার। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে টুঙ্গীপাড়া যাওয়ার পরিকল্পনা ছিল আমার। কিন্তু করোনা দূর্যোগে সেটি সম্ভব না হওয়ায় এখন সেটি বাস্তবায়ন করছি।’ তিনি বলেন, ‘টুঙ্গিপাড়া বিভিন্ন বাহনে যাওয়া যায়। কিন্তু এ যাত্রাকে আমার জীবনে স্মরণীয় করে রাখতে বাইসাইকেল বাহন বেছে নিয়েছি।’
তার ওই যাত্রাকে স্বাগত জানিয়ে সকাল ১০টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজন করে আনুষ্ঠানিকতার। স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভ চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনছুর ফকির, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা যুবলীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
সর্বশেষ বিকেল ৫টায় কথা হয় সুজাউদ্দৌলা সুজনের সাথে। তিনি জানান, তিনি প্রায় ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে এখন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা শহরে পৌছেছেন। এখানে ডাকবাংলোতে রাত্রি যাপন করবেন বলে জানান তিনি।