সিসি নিউজ।। নীলফামারীতে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার, পাট ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, ‘কৃষিতে আজ বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারণে। সনাতন পদ্ধতির পরিবর্তে আজ কৃষিতে আধুনিক প্রযুুক্তির ব্যবহার হচ্ছে। ফলে ফসল যেমন বেশি হচ্ছে, তেমনি উৎপাদনও বেড়েছে। এমনকি খরচ কমে আসায় কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে।’
উপজেলা কৃষি দপ্তর জানায়, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ১ হাজার ৫০০ জনকে এক কেজি করে পাট বীজ, ৭০০ জনকে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও শান্তনা চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটব, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১৪ জন জটিল রোগীকে সাত লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি।