• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

জলঢাকায় ভারতীয় ৭টি গরুসহ দুই ব্যবসায়ী আটক

সিসি নিউজ।। ভারত থেকে চোরাই পথে আসা ৭টি গরু জব্দ করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। এ সময় গরু বহনকারী ট্রলিসহ দুই গরু ব্যবসায়ীকে আটক করা হয়। আজ রবিবার দুপুরে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথী শিপীরডাঙ্গা নামক স্থান থেকে গরুসহ ব্যবসায়ীদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার গোলনা কালিগঞ্জ ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য দেলোয়ার রহমান (৫৩) এবং একই এলাকার নকর উদ্দীনের ছেলে হাকিনুর রহমান ( ৩৮ )। পরে জলঢাকা থানা পুলিশ দুই ব্যবসায়ীসহ গরু বহনকারী ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসে।

সুত্রমতে, লালমনিরহাট জেলার পাটগ্রাম, দহগ্রাম ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন চোরাই পথে জলঢাকায় নছিমন, করিমন ও ভটভটি যোগে ঢুকছে এসব ভারতীয় চোরাই গরু। সূত্রটি আরো জানায়, ভারতীয় গরু ব্যবসায়ী সিন্ডিকেটটি বাংলাদেশের হাটে দেশি গরুর রশীদ করে সে ক্রয়কৃত গরুগুলো ওই হাটেই বিক্রি করে পুর্বের রশীদ সংরক্ষণে রেখে। এতে করে অবৈধ পন্থায় দেশের বাজারে ঢুকছে বিদেশি গরু। যার প্রভাব পরছে দেশি খামারীদের উপর, সেই সঙ্গে সরকার হারাচ্ছে রাজস্ব।

গরু আটকের পর শিপারডাঙ্গার স্থানীয় বাসিন্দা আলিয়ার রহমান জানান, এসব ভটভটি গাড়ি গভির রাত পর্যন্ত এ রাস্তা দিয়ে যায় এবং এক সঙ্গে ৩/৪টি গাড়ি লাইন ধরে যায়। এ বিষয়ে জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, এ ঘটনায় ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো পাঁচটি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাটের ছাড়পত্র পর্যালোচনা করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ