সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে রুবেল মিয়া (২১) নামে এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড মোড়ের একটি খাবার হোটেল থেকে তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত রুবেল মিয়া একই উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে রুবেল মিয়া গাড়াগ্রাম বাসন্ট্যান্ড মোড়ের ‘আব্বাসিয়া’ নামের একটি খাবার হোটেলে যায়। সেখানে গিয়ে তিনি নিজেকে সিআইডির জুনিয়র ইনচার্জ অফিসার পরিচয় দিয়ে সিআইডি বিভাগের একটি কার্ড প্রদর্শন করে। এ সময় তিনি হোটেলে অপরিস্কার ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ তোলেন এবং হোটেল মালিক আইয়ুব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আর এতে হোটেল মালিক ও গ্রাহকদের মাঝে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি পুলিশ অবগত করেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে ভূয়া সিআইডি অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার কথা স্বীকার করেন। এ সময় পুলিশ তাঁর দেহ তল্লাশী করে সিআইডির একটি ভূয়া পরিচয়পত্র, একটি স্ট্যাম্পের ফটোকপি ও দুটি মোবাইল ফোন জব্দ করে।
রাত ১১টার দিকে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ভূয়া সিআইডি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে হোটেল মালিক আইয়ুব আলী নিজে বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।