সিসি নিউজ ডেস্ক।। গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পশ্চিম গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জায়েদা খাতুনের সমর্থকদের এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি।
এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে বহনকারী গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী টঙ্গী পূর্ব থানায় আশ্রয় নিয়েছেন। জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী, তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতারা আমাদের ওপর হামলা করে আমার মাসহ (জায়েদা খাতুন) পাঁচজনকে মারধর করেছে। আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তার জন্য থানায় এসেছি।’
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মা বললে লিখিত অভিযোগ করব। রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’ টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন থানায় এসেছেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত লিখিত অভিযোগ দেননি।’
অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর, মারধর করেনি।’ উৎস: আজকের পত্রিকা