সিসি নিউজ।। নীলফামারীতে সিঁদুর খেলায় সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব। মঙ্গলবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে সূচনা মহা দশমী পূজার। এরপর ঘট বিসর্জনের মন্ত্র পাঠ, অঞ্জলী প্রদান শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনের আনুষ্ঠানিকতার। এ উপলক্ষে জেলা শহরের অতি পুরাতন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে দূর্গা মন্ডপে সকাল সাড়ে ১০টার দিকে ঘট ও দর্পণ বির্সজন পূজা অনুষ্ঠিত হয়। বির্সজন পূজায় দূর্গা দেবীর পায়ে অঞ্জলি প্রদান শেষে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা। সিঁদুর খেলার পাশপাশি চলে প্রতিমা বির্সজনের প্রস্তুতি। জেলায় এবার ৮৮৭ মন্ডপে গত শুক্রবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর টানা আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হয় পাঁচ দিনের সে আনুষ্ঠানিকতার। কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, ‘বেলা ১১টার মধ্যে পূজার সকল আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন মেলা। প্রতি বছরের ন্যায় শহরের আশপাশ এলাকা থেকে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। মেলা শেষে মন্দিরের দিঘীতে প্রতিমা বিসজন করা হয়’। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী জানান, জেলায় এবার ৮৮৭টি মন্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার মধ্যে এসব মন্ডপে সমাপ্ত হয়েছে আনুষ্ঠানিকতা। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যে যার মতো করে প্রতিমা বিসর্জন দিবেন ভক্তরা।