সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় পথচারী ভ্যানচালকসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পূত্র ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মৃত আজিমদ্দিনের পূত্র ভ্যান চালক মো. নজরুল ইসলাম নজু (৪০)।
অপর দিকে নিহত হয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ভরিখোলা ইউনিয়নের মৃত সংসু চাকমার পূত্র মধু ব্যবসায়ী লতইয়া চাকমা (৫২) ও একই এলাকার মৃত ইয়াং চাকমার পূত্র মাইন্দো চাকমা (৪৫)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে রংপুরগামী দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজার এসে পৌঁছালে অপরদিক থেকে আসা দুই ভ্যানচালক ও দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় ঘন্টাব্যাপি বিআরটিসি বাসটি আটক করে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা । পরে উপজেলা নির্বাহী অফিসার একে.এম শরিফুল হক ও চিরিরবন্দর অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে যান চলাচল স্বাভাবিক করে।