সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুটি স্থানে ভারত-বাংলাদেশে মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রস ট্রেনে কাটা পড়ে নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নীলফামারী সদরের চওড়া ও সুবর্ণখুলী নামক স্থানে ওই দূর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে জ্বালানী খড়ি নিয়ে হেঁটে রেললাইন পারাপারের সময় মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনিছা দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অপরদিকে, একই ট্রেনে কাটা পড়ে সৌরভের মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহত দুই জনের পরিবারের পক্ষ্য থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।