• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |

নীলফামারী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়ন বাতিল

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদে তৃতীয় ধাপে ঘোষিত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। রবিবার যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন পত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়।

শাহিদ মাহমুদ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে এক জনের মনোনয়ন বাতিল হওয়ায় প্রতিদ্বন্দ্বীতায় রইলেন চারজন।

তারা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তপন কুমার রায় ও জাপা নেতা (জাতীয় যুবসমাজের সাবেক সভাপতি) মো. তরিকুল ইসলাম।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তাদের সকলের মনোনয়ন বৈধ হয়েছে।

এ বিষয়ে কথা হলে শাহিদ মাহমুদ বলেন, ‘রূপালী ব্যাংক নীলফামারী শাখা থেকে আমার মালিকানাধীন উত্তরা বীজ হিমাগারের নামে ১৫ কোটি টাকার ঋণ নিয়েছি। যার মধ্যে আমি ১১ কোটি টাকা উত্তোলন করি। এখনো চার কোটি টাকা ব্যাংকে মজুত আছে। আমি কোনো ভাবে ঋণ খেলাপী না। এ বিষয়ে আমি আপিল করবো’।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় বলেন,‘রূপালী ব্যাংক নীলফামারী শাখা শাহিদ মাহমুদকে ঋণ খেলাপী উল্লেখ করে তথ্য প্রদান করায় তাঁর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি আগামী ৮ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে আপিল করতে পারবেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ