সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে রির্টানিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওই নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।
ওই দুই প্রার্থী হলেন, সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন) ও মো. আব্দুল মালেক সরকার (ঘোড়া)। সরকার ফারহানা আখতার সুমির বিরুদ্ধে গত ৩ মে রাত আটটার পর মোটরসাইকেল দিয়ে নির্বাচনী শোডাউন এবং আব্দুল মালেক সরকারের বিরুদ্ধে একই তারিখে রাত ১১টায় রির্টানিং কর্মকর্তা ও প্রশাসনের অনুমতি ব্যতিরেকে পথসভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দুই প্রার্থীকে পত্র প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে রির্টানিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে জবাব দাখিলের জন্য বলা হয়।
এ বিষয়ে টেলিফোন প্রতীকের প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি বলেন, ‘নোটিশ পেয়েছি, জবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে অভিযোগের বিষয়টি সঠিক না। উল্লেখিত তারিখে মোটরসাইকেল দিয়ে আমার কোন নির্বাচনী শোডাউন হয়নি’।
অপরদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মালেক সরকার সন্ধ্যা সাতটার দিকে বলেন, ‘এ বিষয়ে আমি কোন পত্র পাইনি। তবে নির্বাচন অফিস থেকে ফোন করেছেন আমাকে’।
রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১২ ঘন্টা সময় দিয়ে ওই দুই প্রার্থীর কাছে জবাব চাওয়া হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়’।
উল্লেখ্য, ৩ মে (শুক্রবার) রাত ১১টার দিকে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজারে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।