সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আরমান হোসেন (৩৭) নামে এক যুবক। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। আজ শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দক্ষিন দিকে গোলাহাট (রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং) এলাকায় এ ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরমান হোসেন শহরের সাহেবপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। একই এলাকায় মদিনা মেডিকেল স্টোর নামে তার একটি ফার্মেসী রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন উল্লেখিত সময়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আরমান হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।