সিসি নিউজ।। নীলফামারীতে ১ জুন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে তিন লাখ সাত হাজার ৪৫জন শিশুকে। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের এক ওরিয়েণ্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এজন্য তিন হাজার ৮০ জন স্বেচ্ছাসেবক ও প্রথম সারির ১৯১ জন সুপারভাইজার কাজ করবেন দিনব্যাপী। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মনিটরিং টিম কেন্দ্র পর্যবেক্ষণ করবেন।
তিন লাখ সাত হাজার ৪৫ জন শিশুর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩১ হাজার ৩৯২জন। তাদের মধ্যে প্রতিবন্ধী শিশু ১৩০জন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৬৫৩ জন। এ বয়সের প্রতিবন্ধী শিশু ৩৫৪ জন। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আতিউর রহমান শেখ, জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।