• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

সিসি নিউজ।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এখন সারা পৃথিবীর মানুষ সম্মান করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে কমিউনিটি ক্লিনিক’।

শনিবার সকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গী গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ’কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিকগুলোকে আমরা আরো সচল করতে চাই। আমরা যদি ব্লাড পেসার, কিডনী রোগ, ডায়াবেটিকসহ আরো বড় বড় রোগগুলো কমিউনিটি ক্লিনিকে মনিটর করতে পারি তাহলে এসব রোগ আমরা কমাতে পারবো। তাই কমিউনিটি ক্লিনিকে আপনারা আসবেন এবং সবসময় যোগাযোগ রাখবেন’।

গর্ভবতী মায়েদের সিজারিয়ান কমানোর কথায় তিনি বলেন, ’গর্ভবতী নারীরা এই কমিউনিটি ক্লিনিকে আসবেন এবং সবসময় এই ক্লিনিকের সঙ্গে যোগাযোগ রাখবেন। এখান থেকে যোগাযোগ থাকলে গর্ভবতী মায়েরা যে কোনো স্বাস্থ্য সমস্যায় পড়লে উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। কোনভাবেই আপনারা গাফিলতি করবেন না। গর্ভবতী নারীরা যদি কমিউনিটি ক্লিনিকে চেকআপ করে উপজেলা ও জেলা হাসপাতালে যায় তাহলে নরমাল ডেলিভারী করানো সম্ভব হবে, সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর চেষ্টা করছি।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ’সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে ১০০ শয্যায় উন্নীত করা হবে। নীলফামারী জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসক, জনবল পদায়ন এবং নতুন ভবনের আসবাবপত্রের চাহিদার বিপরীতে বরাদ্দ প্রদান করা হবে।

নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহন সমস্যার সমাধান হয়েছে। খুব শীঘ্রহই অন্যান্য সমস্যা সমাধান করে পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে’।

উদ্বোধনী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ, সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, পুলিশ সুপার মো. মোকবুল হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। শেষে মন্ত্রী সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করে সেখানে নিজের ব্লাড পেসার চেক করান। পরে ক্লিনিক চত্বরে তিনটি গাছের চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ