সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুলিশের একটি পিস্তল খোয়া যাওয়ার ১৫ দিন পর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ির সামনে রাস্তার পাশের ঝোপ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। আজ শনিবার দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সৈয়দপুরে কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাঁচ মাথা মোড় এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেয় হামলাকারীরা।
এ সময় পুলিশের দুটি রাইফেল ও একটি পিস্তল খোয়া যায়। তাৎক্ষণিকভাবে রাইফেল দুটি উদ্ধার হলেও পিস্তলটি পাওয়া যায়নি।
ওসি শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পাড়ার রাস্তার পাশের ঝোপ থেকে পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।