জামায়াত ক্ষমতায় এলে বিনা সংগ্রামে জনগনের দাবি পূরণ হবে- শফিকুর রহমান

সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন। তাই সরকারের একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠ ভোটের পরিবেশ তৈরি করতেই মূলতঃ এ সরকার। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোন নাগরিক যেন এ ভোটার তালিকা থেকে বাদ না যায়। যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এদেশের মানুষকে সংগ্রাম করতে হবেনা, বিনা সংগ্রামে জনগনের দাবি পূরণ হবে।

আজ শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে  তিনি এসব কথা বলেন। নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আব্দুর রশিদ।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে কিন্তু জনপ্রিয়তার কারনে টিকতে পারলো না। কিন্তু তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনাতে যোগ্যতা রাখে। সেসব দলের যোগ্য ব্যাক্তিদের ক্ষমতায় আনা হবে। তিনি উদাহরণ টেনে বলেন, বিগত সংসদে মেয়ের লিখে দেওয়া বক্তব্য দিতে পারেন না, জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও গান গেয়ে রসিকতা করার জায়গায় বানিয়েছিল পবিত্র সংসদকে। কিন্তু এবারে তা হবেনা, সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য। আমরা সেই প্রস্তাবনা দিয়েছি, যেখানে প্রতিটি ভোটারের মূল্যায়ণ হবে।