সিসি নিউজ।। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালের সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। প্রায় আড়াই ঘন্টা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময়ের মধ্যে সকাল ৮টা থেকে কুয়াশায় বেসরকারি বিমান সংস্থার দুটি উড়োজাহাজ অবতরণ করতে পারেনি। এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে সিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বেলা সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ উঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮ টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে। তিনি জানান, শুক্রবার সর্বন্মিন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট সিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরন করেছে। তিনি বলেন, শীতের এ সময় বৈরি আবহাওয়ার কারনে প্রায় এমনটি ঘটে।