হিলিতে মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার ১৬ ডিসেম্বর সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে হিলিসিপি কোম্পানী কমান্ডার শাহাদাৎ হোসেন ভারতের  বিএসএফের ৭৯ ব্যাটালিয়নের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর এসএন চৌবের হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি সিপি কোম্পানী কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

এ সময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।


Posted

in

by