সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণার করায় দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল কাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের কহিনুর ইসলামের দুই ছেলে রুজু মিয়া (১৯)ও রাজু আহমেদ (২৩), মনোয়ার ইসলামের ছেলে মো শাকিল ইসলাম (২৫) ও মুশরুত বটতলা গ্রামের মৃত মুকুল ইসলামের ছেলে আল আমীন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তারা কানাডার ভিসা দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছে বিভিন্ন ভাবে প্রতারণা করে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা দায়ের করেন।পরে জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। এসময়ে তাদের কাছ থেকে ৬টি এনড্রয়েড মোবাইল ৩টি বাটন মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল কাদের জানান, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন দিন ধরে বিদেশের ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে লোভনীয় অফার দিয়ে ভিডিও বানিয়ে বুষ্টিং করেন। পরে বিদেশে যেতে আগ্রহী ব্যাক্তিরা তাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিকেলে প্রতারণা চক্রের ৪ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।