• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

নীলফামারীতে কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকদের মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের ডিসির মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের জেলা সচিব মো. আজাদুল হক, সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী, সদর উপজেলা সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘২০০৯ সাল থেকে ২০১৯ এবং ২০২২সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। কিন্তু ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। ওই সিদ্ধান্ত রীতিমত বৈষম্য, যা মেনে নেয়ার মত না’।
বক্তারা গত ১৭ জুলাইয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্রটি বাতিলসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের দাবি জানান। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ