সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের পার্বতীপুরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিবি পুলিশ জানায়, অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে নামে তারা। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মহিবুলের অবস্থান শনাক্ত করা হয়।
বিষয়টি আঁচ করতে পেরে সে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে পালিয়ে পার্বতীপুরে আসছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে স্টেশন এলাকা থেকেই আটক করে।
আটকের পর রাতেই মহিবুল ইসলামকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুজ্জামান।