সিসি নিউজ।। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে নীলফামারী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রভাষক পরিষদের আহবায়ক নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম। বক্তৃতা দেন সদস্য সচিব নীলফামারী সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফয়জুল কবির। মানববন্ধন শেষে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন, ১২ নভেম্বরের মধ্যে ৩৭ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি, পদোন্নতি নিশ্চিত করণে অনতিবিলম্বে সুপারনিউমারী পদসৃজন এবং পদোন্নতির সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশনের দাবি জানানো হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের জেলা আহবায়ক ফরহাদ উল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে সরকারি আদেশ জারির দাবি জানানো হলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করে তিনি। কর্মসূচিতে জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকগণ অংশ নেন।