সিসি নিউজ।। নীলফামারী জেলায় অবৈধভাবে রংপুরের বাস, মিনিবাস চলাচলকে কেন্দ্র করে মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এরই জেরে আজ রোববার সকাল থেকে নীলফামারী-রংপুর আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস চলাচল বন্ধ থাকায় রংপুর থেকে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমারসহ জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছে। অনেকে বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে ছুটছেন।
নীলফামারী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, সিডিউল বহির্ভূত রংপুরের বাস, মিনিবাসের মালিকরা নীলফামারীসহ উত্তরের জেলাগুলোতে চলাচল করছে। এ নিয়ে বেশ কয়েকবার দুই জেলার মালিক সমিতিকে জানানো হয়। কিন্তু রংপুরের মালিক পক্ষ তা তোয়াক্কা না করে রংপুর থেকে নীলফামারী হয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও পর্যন্ত নির্ধারিত পরিবহনের অতিরিক্ত বাস চলাচল করায়। এর প্রতিবাদ করায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামকে মারধর করেনে রংপুর বাস মালিক সমিতির কয়েকজন নেতা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে নীলফামারীর সকল রুটে রংপুর মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দেয় জেলা শ্রমিক ইউনিয়ন। সকালে বাস বন্ধের ঘোষণা দিলেও দুপুর নাগাদ স্বল্প সংখ্যক বাস চলতে দেখা য়ায় সড়কে। এরপর বিকেলে পুরোপুরি বাস চলাচল বন্ধ হয় রুটটিতে।
এবিষয়ে রাত ৮টায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। রংপুর মালিক সমিতির বাস এ জেলার কোন রুটে চলতে দেওয়া হবে না’।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘আমি রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে’।