সিসি নিউজ ডেস্ক।। চার দফা দাবিতে আগামীকাল সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে তারা এ ঘোষণা দেন।
শিক্ষকদের চার দাবি হলো—
১. সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডের বিসিএস (মাধ্যমিক) পদসোপানে অন্তর্ভুক্ত করে স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের গেজেট প্রকাশ।
২. ২০০১–২০১২ ব্যাচের সব শিক্ষকের টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান।
৩. সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদের শূন্যপদে পদোন্নতি ও পদায়ন।
৪. বিএড-এমএড পেশাগত ডিগ্রি অর্জনের জন্য ২–৩টি অগ্রিম বর্ধিত বেতন মঞ্জুরির আদেশ প্রদান।
শিক্ষক নেতারা বলেছেন, এসব দাবিগুলো দীর্ঘদিনের। এরমধ্যে দাবি পূরণে কিছু প্রতিশ্রুতি পাওয়া গেলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই দাবি আদায়ের জন্য তারা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন।
তারা আরও বলেন, সরকার যদি দাবিগুলো দ্রুত পূরণ করে, তাহলে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটির দিনে—অবশিষ্ট পরীক্ষাগুলো নিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করতে প্রস্তুত। কিন্তু দাবি মানা না হলে বুধবার নতুন করে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শিক্ষকরা জানান, গ্রেড উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে তারা ‘কমপ্লিট শাটডাউন’-এ যাবেন।