সিসি নিউজ।। নীলফামারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওই কর্মসূচির আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম, জেলা মৎস্য দপ্তরের ফিশারিজ কোয়ারেণ্টাইন কর্মকর্তা আংগুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, অদম্য নারী পুরষ্কার শীর্ষক কর্মসূচিতে ব্যবসা, শিক্ষা, চাকুরী, ক্রীড়া, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জেলার পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, সদর উপজেলার বৈশাখী বেগম, মারুফা খাতুন, মিনারা বেগম, সৈয়দপুর উপজেলার খন্দকার আবিদা সুলতানা ও ডিমলা উপজেলার বাতাসী বেগম।