নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেনে কাটা পড়ে হৃদয় রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে নীলফামারী পৌর এলাকার আদর্শপাড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানায়, লাশের পকেটে পাওয়া চিরকুটে হৃদয় রায়ের বাড়ি নীলফামারীর পাশ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা গ্রামে। চিরকুটে সে লিখেছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক সোয়া ছয়টার দিকে রেললাইন ধরে ওই যুবকটি হাঁটতেছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছালে কাটা পড়ে ওই যুবক।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Posted

in

by