সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।
এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এদিকে, কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জাপা প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা হয়েছে।
কিন্তু তিনি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। এ কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান তার হলফনামায় বেশ কিছু তথ্য উল্লেখ করেননি। এজন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
তবে উভয় প্রার্থী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
মামলা ও আপিলের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার নামে যে মামলা হয়েছে, তার কিছুই আমি জানতাম না। না জানলে কিভাবে হলফনামায় উল্লেখ করব। আজ শুনলাম যে ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে, সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে।
আমি কি মিরপুরে গিয়ে যুদ্ধ করছি। মামলা তো হতেই পারে। এখন আমি আপিল করব।’