সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তাঁরা দুজনই ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে একপক্ষের নেতা সালেহ আহম্মদ মেম্বার (৬৫) এবং আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে ব্রুনেইপ্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৩০) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে দেলোয়ার হোসেন ও সালেহ আহম্মদকে গুলি করে আহত করেন এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে এই বিরোধের মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায়। ওই ঘটনার জেরে আজ দুপুরে দুই পক্ষ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান আরও বলেন, চার দিন ধরে বিবদমান দুই পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হচ্ছিল। আজ সকালেও উভয় পক্ষের লোকজনকে ফোন করে সংঘাতে না জড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।