আমাদের সুযোগ এসেছে আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার- প্রকৌশলী আহসান হাবীব লেলিন

সিসি নিউজ।। নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
শুক্রবার জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের ময়নার মোড় নামক স্থানে নীলফামারী উন্নয়ন মঞ্চ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের নীলফামারী অন্যান্য জেলার তুলনায় সবদিক দিয়েই পিছিয়ে আছে। বিশেষত শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি। এ জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজন ব্যাপক কর্মসংস্থান। আর এ কর্মসংস্থান ঘটাতে পারে শিল্প ও উচ্চ শিক্ষার বিকাশ। এ জন্য প্রয়োজন ভারী শিল্প কলকারখানা ও মানসন্মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। পাশপাশি সুস্থ্য মানবসম্পদের জন্য প্রয়োজন সহজ চিকিৎসা ব্যবস্থা। সহজ যোগাযোগ ব্যবস্থা ঘটাতে পারে জেলার সার্বিক উন্নয়ন।
তিনি উল্লেখ করে বলেন, ‘আমাদের সুযোগ এসেছে আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ আসনের (নীলফামারী-২) জন্য যোগ্য প্রার্থী। ধানের শীষে ভোট দিয়ে আমরা তাঁকে এ জেলার উন্নয়নের কা-ারী বানাতে চাই। শুধু এ আসন নয় গোটা জেলার উন্নয়নের ভার বহন করার মতো তাঁর যোগ্যতা আছে। আমরা তাঁর মাধ্যমে এ জেলার যোগাযোগ ব্যববস্থার উন্নয়ন ঘটাতে চাই। জেলায় ভারী শিল্প কলকারখানা ও উত্তরা ইপিজেডের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উচ্চ শিক্ষার জন্য জেলায় একটি মানসন্মত বিশ্ববিদ্যালয় স্থাপন ও নীলফামারী মেডিক্যাল কলেজসহ অন্যান্য হানপাতালের উন্নয়নের মাধ্যমে নিশ্চিৎ করতে চাই সবার জন্য সহজ চিকিৎসা ব্যবস্থার’। এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারী এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
তিনি দিনব্যাপী ওই ইউনিয়নের ময়নার মোড়, মধ্য সুটিপাড়া, শখের বাজারসহ পাঁচটি পথসভায় অংশগ্রহন করেন। এসব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার ও জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি শাহজাজান আলী চৌধুরী, বিএনপি নেতা আবুল কালাম, সিলাজুল ইসলাম, আওরঙ্গজেব সুজন, আবু সালেহ সোহেল রানা প্রমুখ।