• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন |

‘১২ তারিখে জাপা’র দাফন সম্পন্ন’ -হাসনাত আব্দুল্লাহ

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের রাজনীতিতে নতুন সমীকরণের বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আগামী ১২ তারিখে আনুষ্ঠানিকভাবে কাউনিয়ার মাটিতেই জাতীয় পার্টির দাফন সম্পন্ন করা হবে।”

রোববার বিকেলে কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। রংপুর-৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপি প্রার্থী আখতার হোসেনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আরও বলেন, “রংপুরকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামী ১২ তারিখ হবে এই অঞ্চলের শোষণের রাজনীতির অন্তিম দিন।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল হালিম। তিনি বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করতে এবং জনগণের ভোটাধিকার ফেরাতে ১১ দলীয় জোট রাজপথে এবং নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ। কাউনিয়ার উন্নয়নের স্বার্থে আখতার হোসেনকে বিজয়ী করা সময়ের দাবি।”

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “পুরানো পচা রাজনীতি ছুড়ে ফেলে নতুন দিনের সূচনায় তরুণরাই নেতৃত্ব দেবে।”

প্রার্থী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক এটিএম আযম খান, উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার ও এনসিপি সমন্বয়ক সাইদুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। তবে সাধারণ মানুষের উপস্থিতিতে প্রমাণিত হয়েছে যে পরিবর্তনের জোয়ার শুরু হয়ে গেছে। পথসভায় জোটের স্থানীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ