• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

ইরানে প্রায় সবকিছুই ধ্বংস হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

সিসি নিউজ ডেস্ক।। ইরানে মার্কিন সামরিক অভিযান অত্যন্ত সফল দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের নৌবাহিনী ও বিমানবাহিনীসহ প্রায় সবকিছু ধ্বংস হয়েছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি দাবি করেন, ইরানি সামরিক বাহিনীর কোনো সক্ষমতাই আর অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং আকাশপথে শনাক্তকরণ ব্যবস্থা বা রাডার ব্যবস্থাও আর নেই। সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, তারা খুব ভালো কাজ করছে।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি আগের নেতার মতোই খারাপ কেউ ক্ষমতায় আসে। আমরা চাই ক্ষমতার নিয়ন্ত্রণ জনগণের কাছে ফিরে আসুক।’ তিনি আরও জানান, সম্ভাব্য অনেক নেতা ইতিমধ্যে নিহত হয়েছেন। ট্রাম্প পরামর্শ দেন যে ইরানের ভেতর থেকেই তুলনামূলক ‘মডারেট’ বা মধ্যপন্থী কাউকে নেতৃত্বে আনা বেশি উপযুক্ত হবে।

ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে মনে করছেন ইসরায়েল আমাদের যুদ্ধে টেনে নিয়েছে, কিন্তু বিষয়টি তেমন নয়। তিনি বলেন, ‘আমি পদক্ষেপ না নিলে ইরানই আগে আক্রমণ করত। আমি হয়তো ইসরায়েলকে আক্রমণে বাধ্য করেছি এবং আমাদের এই পদক্ষেপ অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলেছে।’

ট্রাম্প আরও দাবি করেন, আজ ইরানের নতুন নেতৃত্বের ওপর পুনরায় জোরালো হামলা চালানো হয়েছে এবং এর প্রভাব ছিল বেশ ‘উল্লেখযোগ্য’। তবে নির্দিষ্ট করে কাদের ওপর হামলা হয়েছে বা কতজন নিহত হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ