টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

সিসি নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছে নীরব (১২), নার্গিস (৩০), দোলা (৫০), সুলতান (২৮) ও রিফা (২০)। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুই পরিবারের সদস্য। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। ঢাকার বনশ্রী পরিবহনের একটি বাসে করে তারা মির্জাপুরের পোশাক কারখানায় যাচ্ছিল।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী ওই বাসের তেল শেষ হয়ে গেলে যাত্রীরা সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন।

তিনি জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।


Posted

in

by