সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধ মানবন্ধন করেছে নিহত আফাজ উদ্দীনের (৬২) স্বজন ও স্থানীয়রা। নির্মাণাধীন বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আফাজ উদ্দীনেনের মৃত্যুর ঘটনায় এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গড়িমসির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। আজ শনিবার বেলা ২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে। এর আগে গত ৮ জুন একই দাবিতে থানা ঘেরাও করে।
শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ছেলে নুর হোসেন ও আবু বকর সিদ্দিক, মেয়ে রেহেনা বেগম, এলাকাবাসী সামিউল ইসলাম, মোক্তার হোসেন, মো. তাহের হোসেন প্রমুখ। ওসির অপসারণ ও দ্রুত আসামি গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন, দেশে মনে হয় আইন ও বিচার বলে কিছু নাই। সেজন্যই একজন বৃদ্ধ মানুষকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলেও আসামি গ্রেপ্তার করা হচ্ছেনা। ঘটনায় জড়িতদের কাছ থেকে টাকা খেয়ে পুলিশ মামলা নিতেই চায়নি। কিন্তু বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে থানা ঘেরাও করার পর বাধ্য হয়ে মামলা নিলেও এখন আসামি গ্রেপ্তারে গড়িমসি করেছে।
তারা আরও বলেন আসামিরা এলাকায় অবস্থান করে বুক ফুলিয়ে চলছে, অথচ পুলিশ নাকি তাদের খুঁজে পাচ্ছেনা। খুনিরা বলে বেড়াচ্ছে আফাজ উদ্দিনকে যেভাবে খেয়েছি, মামলাও খেয়ে ফেলেছি। তাহলে কি মানুষের জীবনের কোন নিরাপত্তা ও মূল্য নাই? একটা চক্র ৬ লাখ টাকা নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে। এতে অসহায় পরিবারটি একদিকে প্রিয়জন হারিয়ে শোকাহত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে। সৈয়দপুর থানার ওসির ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ওসির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি আইনের লোক নন, খুনিদের রক্ষাকারী। ওসির অপসারণ দাবি করেন তারা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।