• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

বিসিএস ক্যাডার হওয়া হলো না তানভীরের

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রেনে কাটাপড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। মীর তানভীর আহমেদ (২৯) নামে ওই ব্যক্তি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় পরিচয় নিশ্চিৎ করেছেন নিহতের বড়ভাই মীর সফিকুল ইসলাম।

বড়ভাই মীর সফিকুল ইসলাম বলেন,‘তানভীর আহমেদ ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকুরীতে যোগদানের অপেক্ষা করছিলেন। এরই মধ্যে সোমবার রাতে নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় নিভে গেল পরিবারের আশার আলো। তার অনেক স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হওয়ার’।
তিনি জানান, তানভীর আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০২৪ সালের জানুয়ারী মাসে। এরপর চলতি বছরের জুন মাসে সেখান থেকে দেবীগঞ্জে বদলী হন। গতকাল সোমবার রাতে তার কর্মস্থলের পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের অদুরে শিমুলতলী নামক গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর শুনে সৈয়দপুর রেলওয়ে থানায় ছুটে আসেন। কেন এমন ঘটনা ঘটেছে বিষয়টি পরিবারের অজানা। দুই ভাইয়ের মধ্যে তানভীর ইসলাম ছোট। বাবা মো. বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে টিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী তাকে শনাক্ত করতে না পারায় সিআইডি এবং পিবিআইয়ের সহযোগিতায় পরিচয় উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা থানায় এসে লাশ সনাক্ত করে।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘তার গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন থানায় এসে লাশ সনাক্ত করেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ