সিসি নিউজ।। নীলফামারীতে ১৫০ শিশুকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় অনুষ্ঠিত ক্যাম্পে ওই সেবা প্রদান করা হয়। ক্যাম্প শেষে সেখানে ৪০০ শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা গুড নেইবারস ওই কর্মসূচির আয়োজন করে। সংস্থার কার্যালয় চত্বরে চিকিৎসা সেবা প্রদান করেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক মো. মাহবুবুল আলম এবং শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক শেখ ফরিদ আহমেদ।
দুপুরে ক্যাম্পের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক। এসময় সংস্থার ব্যবস্থাপক বিভব দেওয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থার জেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন। অনুষ্ঠানে শিশুর স্বাস্থ্যবিধি এবং পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করেন সংস্থার চিকিৎসা কর্মকর্তা আবু তাহের।
সংস্থার নীলফামারী শাখার ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, স্বপ্ল মুল্যের এই ক্যাম্পে ১৫০ জনকে পরামর্শপত্র ও ঔষুধ, ৪০০ শিশুকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে সরিষার তেল, মসুর ডাল, আটা, চিনি, সাবান ও গুড়া সাবান।