• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |

এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিয়ে, অভিভাবকদের হাজির হতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম থেকে দশম শ্রেণির ১৬ ছাত্রীর বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। অভিযোগের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বাল্যবিয়ের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৬ ছাত্রীর অভিভাবককে আগামী ২১ সেপ্টেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরায় তলব করা হয়েছে।

সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার স্বাক্ষর করা নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে প্রত্যেক অভিভাবককে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পৃথকভাবে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অভিভাবকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সময় বিয়ে হওয়া ছেলে-মেয়েদের জন্মসনদ, অভিভাবক ও তাঁদের স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিয়ের কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি সাক্ষীদেরও উপস্থিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিয়ের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপ্রাপ্তবয়স্কের বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

অভিভাবক, সংশ্লিষ্ট ছেলে-মেয়ে ও সাক্ষীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা বলেন, জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিবাহ।
সম্প্রতি তালা উপজেলার ইসলাম কাটি বালিকা বিদ্যালয়ের ১৪ ছাত্র ছাত্রীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুচলিকা দিয়ে পুনরায় এসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরানো হয় । প্রাপ্তবয়স্ক না পর্যন্ত তারা লেখাপড়া চালিয়ে যাওয়া এবং স্বামীর বাড়িতে না যাওয়ার অঙ্গীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ