সিসি নিউজ।। সংবিধান সংশোধন কমিটির মিটিং দিয়ে চলমান সংকটের সুরাহা হবে না, বরং সংকটের পথকে আরও দীর্ঘায়িত করা হবে। তাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংবিধান সংশোধন কমিটির বৈঠককে বয়কট করছে এবং কোনোভাবেই আমরা সেখানে অংশগ্রহণ করব না।
নীলফামারীর জলঢাকায় আজ রোববার বিকেলে কৃষক শক্তির আয়োজনে কৃষক ভোগান্তি, সার সংকট এবং কৃষি খাতের নানান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে কৃষক সমাবেশ ও গণশুনানিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেন।
আখতার হোসেন আরও বলেন, গণরায়কে অস্বীকার করে সরকার গণভোট নিয়ে তামাশা শুরু করেছে। সংবিধানের ফ্যাসিবাদী কাঠামো সংশোধন না করে তারা তাদের মতো করে সংশোধন করতে চায়। সংবিধান কিভাবে সংশোধন করতে হবে তা জুলাই সনদে উল্লেখ রয়েছে, সেভাবে কাজ না হলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও বিপদের মুখে পড়তে হবে।