• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় নিহত ৬

বিশেষ প্রতিনিধি।। ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ ৪ জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলিন্ডারবাহী ৬টি কাভার্ড ভ্যান থেকে ছয়জনের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। রাত ১১টার দিকে এসব লাশ উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তবে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

এর আগে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জয়নব বেগম (৫৫)। গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করেই বিকট শব্দে লরির সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরির যন্ত্রাংশ বা সিলিন্ডারের অংশ ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দোকানের এক নারীকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভিতরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কোম্পানির পরিত্যক্ত একটি জায়গায়। বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ