সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। গত সেপ্টেম্বর মাসের ওই ঘটনায় দায়েরকৃত মামলার তিনজন আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে এসআরবির মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মো আবু সাঈদ (২৭), মো. জাহাঙ্গীর আলম (৩০) ও মো তহিদুল ইসলাম (২৬)।
মামলার সূত্র অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর সকালে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে আদর্শপাড়ায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন। পরে মকবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মারা যায়।
এঘটনায় নিহতের ছোট ভাই মহির উদ্দিন নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এসআরবি নরসিংদীর মাধবদী পৌরসভার পাঁচদোনা মোড় এবং নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।