সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অর্ধদিনের ওই কর্শালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাউস্ট অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
বাউস্টের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ।
কর্মশালায় পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি পুঁজিবাজার বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় কাজ করে। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে এই কর্মশালা আয়োজনের ফলে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক খাতের পেশাগত সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয়, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বিকাশে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা , পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।