সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে ওই ইজতেমা শুরু হয়।
আয়োজকরা জানান, ইজতেমায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মুনির বিন ইউসুফসহ অনেকে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবের ১২ জন বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। ইজতেমায় মানবকল্যাণ, দ্বীনের দাওয়াত, ধর্মীয় জীবনযাপন ও আখিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হচ্ছে।
জেলা তাবলিগ জামায়াতের আমির অধ্যাপক দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ইজতেমার আনুষ্ঠানিকিতা শুরু হওয়ার কথা থাকলে বুধবার সন্ধ্যার মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশ জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটে। ফলে মুসল্লিদের আগাম আগমনে গতকাল বুধবার সন্ধ্যায় বয়ানের মধ্য দিয়ে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানসহ বিদেশি মুসল্লিরা এখানে এসেছেন। আশা করছি, শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে।
তিনি বলেন, আগামী শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে তিন দিনের ইজতেমার।
এদিকে, ইজতেমাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠসহ আশপাশ এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবিসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখা হয়েছে।