সিসি নিউজ ডেস্ক।। খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতি দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। বিগত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। আগামী কেসিসির নির্বাচনে একই ওয়ার্ড থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান বলেন, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় হুমায়ুন কবির নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন।
এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, কিছুদিন আগে মোস্তফার মোড় এলাকার একটি শোরুমে থেকে নিজ প্রতিষ্ঠানের জন্য বাকিতে ফ্রিজ কেনেন হুমায়ুন। ফ্রিজের টাকা পরিশোধ নিয়ে ওই দোকানদারের সঙ্গে তার ঝামেলা চলছিল।
রোববার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যার পরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালায়।
এই হত্যার জন্য স্থানীয় ছাত্রদলকে দায়ী করেছে পরিবার। হাসপাতালে উপস্থিত নিহতের ভাতিজা সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরের ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা আরাফাত হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে তার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ জানান, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান বলেন, হত্যাকাণ্ডের শিকার সৈয়দ হুমায়ুন কবির ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরাফাতসহ তার ভাইয়েরা উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ফ্রিজের কিস্তির পাওনা ১০ হাজার টাকা আদায় করাকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে আরাফাত ও তার ভাইয়েরা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
