সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের পর বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল পারভেজ, জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ।
দুপুর ১২টারদিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, জেলা শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুপুর ২টায় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার সরবরাহ করা হয়।
বিকেল ৩টায় নীলফামারী বড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাদ যোহর জেলা ও উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত ছাড়াও মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলার নীলসাগরসহ বিভিন্ন শিশু পার্ক ও সরকারি–বেসরকারি বিভিন্ন বিনোদন কেন্দ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহেল পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।
এরআগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষন প্রচার করা হয়।
কর্মসূচিতে বিএনপিসহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
