সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। এ কর্মসূচির আওতায় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখন-ফল উন্নয়নে সহায়তা দেওয়া হবে।
বিশ্বব্যাংক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পরিচালকদের পর্ষদ এ অর্থায়ন অনুমোদন করে।
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ নামের এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে। শিক্ষার্থীরা যাতে শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেও কাজ করা হবে। সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা দেবে এ অর্থায়ন।
বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশই বয়সোপযোগী একটি সাধারণ লেখা পড়ে তা বুঝতে পারে না। তুলনায় উচ্চ-মধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। গত দুই দশকে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশে প্রায় সব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরিতে সহায়তা করেছে। নতুন অর্থায়ন শিশুদের ভালোভাবে শেখার পাশাপাশি বিদ্যালয়ে ধরে রাখতেও সহায়তা করবে। এর ফলে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের ভিত্তি তৈরি হবে।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা বিশ্বের বৃহত্তম ব্যবস্থাগুলোর একটি। সরকারি বিদ্যালয়, বেসরকারি সংস্থা পরিচালিত স্কুল, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা মিলিয়ে এ ব্যবস্থায় ২ কোটির বেশি শিশু পড়াশোনা করছে।
নতুন কর্মসূচির আওতায় প্রাথমিক সাক্ষরতা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানোর জন্য একটি বিশেষ প্যাকেজ চালু করা হবে। এতে শিক্ষাসামগ্রী, সুনির্দিষ্ট পাঠপরিকল্পনা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এ ছাড়া দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা ব্যবস্থাও শক্তিশালী করা হবে।
কর্মসূচিটির জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও দলনেতা তাসমিনা রহমান বলেন, ভালো কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রথম ধাপ হলো শিক্ষার মৌলিক ভিত্তি শক্তিশালী করা। কোনো শিশু যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য যারা পড়াশোনায় পিছিয়ে আছে তাদের অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যেসব জেলার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পিছিয়ে, সেসব জেলায় গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, কর্মসূচিতে শিক্ষক ও বিদ্যালয়ের নেতৃত্বের মানোন্নয়ন, বাজেটের জবাবদিহিমূলক ব্যবহার এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহারেও সহায়তা দেওয়া হবে।
এ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা শ্রেণিকক্ষে শিশুদের পড়া ও গণিতের মৌলিক দক্ষতা শেখাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৪৩ হাজার নতুন ও তুলনামূলক ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিশ্বব্যাংক গ্রুপের নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা দেওয়ার সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। এ অর্থায়নের মেয়াদ ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড।
