জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: ডা. শফিকুর রহমান

সিসি নিউজ ডেস্ক।। জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির প্রধান দাবি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। জনগণ ভোট দিলেও সরকার সেই রায় মানছে না। বরং জনগণকে ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে।

সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলে তিনি আরও বলেন, জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। জুলাই আন্দোলনে বুক পেতে গুলি নেওয়া এ জাতি কোনো অন্যায় মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও অন্যান্যরা।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে খুলনার উদ্দেশে রওনা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।