সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবন সংলগ্ন ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন। উৎস: আজকের পত্রিকা
